গোমস্তাপুরে ১৪ দিনব্যাপী নকশী কাঁথা তৈরি প্রশিক্ষণ সম্পন্ন
​
মো. আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৪ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক ‘নকশী কাঁথা তৈরি’ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

​বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন যুব নারী অংশগ্রহণ করেন। দুই সপ্তাহব্যাপী হাতে-কলমে এ কোর্সে নকশী কাঁথার ঐতিহ্যবাহী নকশা আঁকা, সেলাইয়ের কৌশল, কাপড় নির্বাচন এবং আধুনিক রুচিসম্মত নকশা সংযোজনের উপর ব্যবহারিক ও তাত্ত্বিক পাঠ দেওয়া হয়।

​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ জানান, গ্রামীণ জনপদের যুব নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং নিজস্ব উদ্যোগে আয়বর্ধক কাজের ক্ষেত্র তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ঘরে বসেই নকশী কাঁথা তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে নিয়মিত আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

​প্রশিক্ষণার্থীরা জানান, নিয়মিত ও হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ায় তাঁদের কাজের দক্ষতা বেড়েছে। এই দক্ষতাকে পুঁজি করে ভবিষ্যতে ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা হওয়া এবং পরিবারের বাড়তি আয়ে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা। স্থানীয়ভাবে নকশী কাঁথার চাহিদা ও বাজার সম্ভাবনা কাজে লাগাতে পারলে এ প্রশিক্ষণ যুব নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।