ইসরাইলের হাতে ৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও ২৫০টি তৈরির সক্ষমতার দাবি গবেষকদের

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মার্কিন গবেষকদের এক বিশ্লেষণে বলা হয়েছে, দেশটির কাছে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। পাশাপাশি মজুত প্লুটোনিয়াম ব্যবহার করে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদানগত সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ১০ নভেম্বর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগের মূল্যায়নের সঙ্গে তুলনা করলে ইসরাইলের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ অব্যাহত রেখেছে বলে গবেষকদের ধারণা। তাদের হিসাবে, ইসরাইলের কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, একটি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হয়। সেই হিসাবে বর্তমান মজুত দিয়ে অতিরিক্ত ১৬০ থেকে ২৫০টি অস্ত্র তৈরির উপকরণ পাওয়া সম্ভব। তবে এই সক্ষমতা থাকলেও ইসরাইল দ্রুত অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে, এমন কোনো তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

ইসরাইলের পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দেশটি হাইড্রোজেন বোমা তৈরির প্রযুক্তি অর্জন করেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। গবেষকদের মূল্যায়নে, ইসরাইলের বর্তমান অস্ত্রভাণ্ডারে প্রধানত বুস্টেড ফিশন প্রযুক্তির এক ধাপের পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা বেশি।

প্রতিবেদনে ডিমোনা পারমাণবিক স্থাপনার কার্যক্রমের বিষয়টিও উঠে এসেছে। গবেষকদের ধারণা, সেখানে এখনো পারমাণবিক ওয়ারহেড উৎপাদন চলছে। তবে নতুন অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে পুরোনো অস্ত্র প্রতিস্থাপন ও বিদ্যমান মজুত সচল রাখার জন্য এসব উৎপাদন করা হতে পারে।

এদিকে ডিমোনার পারমাণবিক চুল্লিটির কার্যকর আয়ু নিয়েও প্রশ্ন উঠেছে। নকশা অনুযায়ী নির্ধারিত মেয়াদের শেষ পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে স্থাপনাটিকে। ২০২১ সালের স্যাটেলাইট চিত্রে সেখানে কয়েক দশকের মধ্যে উল্লেখযোগ্য নির্মাণকাজের প্রমাণ পাওয়া যায়। একই ধরনের আরেকটি বৃত্তাকার স্থাপনা ২০২৬ সালের স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে। তবে নতুন স্থাপনাটি পারমাণবিক চুল্লি কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

উল্লেখ্য, ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতেও স্বাক্ষর করেনি। দীর্ঘদিন ধরে ইসরাইলের ঘোষিত অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে তারাই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

তবে পারমাণবিক অস্ত্র নিয়ে দেশটির রাজনৈতিক বক্তব্য অতীতেও বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরাইলের কট্টর ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন। তার বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

এর আগেও ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি ইসরাইলের নীতিনির্ধারকদের বিবেচনায় এসেছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ওই সময় মিসর ও সিরিয়ার আকস্মিক সামরিক হামলার পর দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা এমন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা যায়।