সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন চরম বাজে কেটেছে বাংলাদেশ দলের জন্য। বৃষ্টিস্নাত দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। এরপর ব্যাটিংয়ে নেমে লিড নেওয়ার একেবারে কাছে দক্ষিণ আফ্রিকা। এতে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা।

বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ‍৮৮ রানে দিন শেষ করেছে। অথচ দুটি উইকেট বাংলাদেশ পেতে পারত। ১১তম ওভারে খালেদ আহমেদের বলে জুবায়ের হামজা জীবন পান। প্রথম স্লিপে দাঁড়ানো তাওহীদ হৃদয় ক্যাচ ছাড়েন। তাই বাংলাদেশকে এক উইকেট নিয়েই দিন শেষ করতে হয়েছে। 

সম্প্রতি দারুণ ফর্মে আছেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর জোহানেসবার্গেও প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান তিনি। কিন্তু সেঞ্চুরিয়নে অন্যদের মতো হৃদয়ও ব্যর্থ হলেন। তারপর করেছেন ক্যাচ মিস। 

হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা বলেন, ‘সে (হৃদয়) ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিল। আমার মনে হয় ব্যাটিংটা যে ভালো হয়নি, এটা তার মাথায় ঘুরছিল (তাই ক্যাচ মিস করেছে)। বাকি ব্যাটাররাও মনে হয় ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই চিন্তা করছিল। ব্যাপারটা হতাশাজনক আসলে। তবে আশা করছি সবাই ঘুরে দাঁড়াবে।’

Mominul Haque was cleaned up for 18, South Africa vs Bangladesh, 2nd Test, Day 1, Centurion, November 23, 2026

৪২ বলে ১৯ রান করেছেন হৃদয়। বাংলাদেশের সহকারী কোচের মতে ,তার ওই হতাশাজনক ব্যাটিংয়ের প্রভাব পড়েছিল ফিল্ডিংয়েও। তিনি আরও যোগ করলেন, ‘সবাই তো ক্যাচ মিস করে। সে তখনও ব্যাটিংটা নিয়েই ভাবছিল মনে হয়। নিজের শট নিয়েই ভাবছিল। দল হিসেবে সবাই হতাশায় ছিল। এরকম ব্যাটিং তো কারও প্রত্যাশাতেই ছিল না।’

পুরো দলের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। মাহফিজুল ইসলাম রবিন সর্বোচ্চ ২৩ রান করেন। মুমিনুল হক করেন ১৮ রান। দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে মাকেতা বলেন, ‘আসলে আমাদের জন্য অনেক হতাশাজনক দিন ছিল। স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক, কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না। প্রথম টেস্টে আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সবাই ভালো খেলেছিল। সবাই অনেক নিবেদন দেখিয়েছিল, আমাদেরও ভালো লেগেছে। সেখান থেকেই আগাতে চেয়েছিলাম। এমন কিছু চাইনি অবশ্যই।’