কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে দলটির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা এবং পাঁচটি অব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময় তাঁর ব্যক্তিগত কার্যালয় এবং স্থানীয় জামায়াত কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী ও লাল মিয়া। তাঁরা সবাই স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ফটক ভাঙা এবং বিভিন্ন স্থানে ইটের টুকরা পড়ে থাকতে দেখা যায়। বাড়ির ভেতরে থাকা কাচের খাবার টেবিলের একটি অংশ ভেঙে গেছে। পাশের ব্যক্তিগত কার্যালয়ের চেয়ার-টেবিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাজাহান আলীর স্ত্রী ফাতেমা পারভীন জানান, বুধবার রাতে এশার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়েও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। হঠাৎ ৩০০ থেকে ৪০০ জনের একটি দল এসে বাড়ি ও কার্যালয়ে হামলা চালায়। তারা ভাঙচুরের পাশাপাশি গুলি ছোড়ে। আতঙ্কে পরিবারের সদস্যদের কেউ ঘরের একটি কক্ষে আশ্রয় নেন, আবার কেউ ছাদে চলে যান।
শাজাহান আলীর বড় ভাই আবদুর রাজ্জাকের অভিযোগ, হামলায় স্থানীয় বিএনপির লোকজন জড়িত। তাঁর দাবি, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁরা কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মারধর করেন। এতে পাঁচজন আহত হন।
বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গড়াই নদ থেকে বালু উত্তোলন এবং বালুর ব্যবসা নিয়ে এলাকায় বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জামায়াতের নেতা-কর্মীদের দাবি, অতিরিক্ত বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনরাত এসব ট্রাক চলাচল করায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। কয়েক দিন আগে কুষ্টিয়া