চট্টগ্রাম নগরে পৃথক দুটি সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলীর উত্তর কাট্টলী ভূমি অফিসে এবং বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হালিশহরের বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বড়পোল পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে বুধবার রাতে উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অফিসের জানালার পাশে থাকা একটি পর্দায় আগুন লাগানো হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছান। পরে পুলিশ তালা ভেঙে ফটক খুলে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও জানান, ভবনটির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করা সম্ভব। ঘটনার সময় নিরাপত্তাকর্মী খাবার খেতে বাইরে গিয়েছিলেন। আগুন লাগানোর প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।