জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এ স্বর্ণপদক পেলেন জয়পুরহাটের বিউটি বেগম

​মো. আবদুস সালাম তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ
​‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক খামারি মোছাঃ বিউটি বেগম। প্রাণিসম্পদ উন্নয়নে প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান ক্যাটাগরিতে তিনি এ জাতীয় সম্মাননা লাভ করেন।

​আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী খামারির হাতে এ স্বর্ণপদক তুলে দেন।

​মোছাঃ বিউটি বেগম জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বজরবরাহী হিন্দা-কসবা গ্রামের বাসিন্দা। নিজ উদ্যোগে পাঁঠা পালনের মাধ্যমে তিনি নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন এবং এলাকার প্রান্তিক খামারিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিউটি বেগম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ পাঁঠাপালনকারীর নাম ও কাজের স্বীকৃতি প্রধানমন্ত্রী জানেন—এ বিষয়টি তাঁকে গভীরভাবে আপ্লুত করেছে বলে তিনি উল্লেখ করেন।

​বিউটি বেগমের এই অসামান্য সাফল্যে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বিউটি বেগমের এই স্বর্ণপদক অর্জন জয়পুরহাট জেলা, জেলা প্রাণিসম্পদ বিভাগ এবং ক্ষেতলালের হিন্দা-কসবা গ্রামকে সারাদেশের মধ্যে এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই সাফল্য স্থানীয় অন্যান্য নারী ও প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।