ককটেল তৈরির সময় বিস্ফোরণ হয়ে কৃষকলীগ কর্মী নিহত

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী (৩৫) নামের এক কৃষকলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি কলাক্ষেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

টমাস আলী কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী ছিলেন।

নিহত টমাস আলী উপজেলার মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মর্তুজা হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পেছনের একটি কলাক্ষেতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আহত অবস্থায় আরও তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়। পরে স্থানীয়রা জানতে পারেন, সেখানে ককটেল তৈরি করা হচ্ছিল।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।