প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই নতুন করে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমার জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি তিনি। কিন্তু অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর আটকে আছে সিনেমাটির কাজ। শোনা যাচ্ছিল, নভেম্বরে আবার শুটিং শুরু হতে পারে। এর মধ্যে এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।

একটি পোস্টারে শাকিবছবি: আইএমডিবি
তবে ‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই বলে জানালেন তানজিন তিশা। প্রথম সিনেমাটি নিয়ে এখনো আত্মবিশ্বাসী ও আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তাঁর শিডিউলও দেওয়া আছে। যেকোনো সময় কাজ শুরু হলে তিনি অংশ নেবেন।
শনিবার দুপুরে প্রথম আলোকে তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’
এদিকে শুটিং বন্ধ থাকলেও এই সময়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তিশা। সিনেমাটির জন্য আপাতত নতুন কোনো বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন না বলে জানালেন তিনি। এর আগেও ‘সোলজার’-এর জন্য চার মাস কোনো কাজ করেননি। তখনো সিনেমাটির জন্য শিডিউল দিয়ে রেখেছিলেন। এখনো শুটিং শুরুর অপেক্ষায় আছেন। তিশার কথায়, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশাছবি: আইএমডিবি
কিন্তু পছন্দের সেই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। এ নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। কোথাও কোথাও বলা হচ্ছে, অভিনয়শিল্পীদের অনেকে পারিশ্রমিক পাননি। এ কারণে কেউ কেউ পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত শুটিংয়ে যেতে চাইছেন না।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘পারিশ্রমিক নিয়ে জটিলতা রয়েছে বলে শুনেছি। তবে সরাসরি এসব বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তেমন কথা হয়নি। আমি সবচেয়ে বেশি ভাবছি সিনেমাটি শেষ করা নিয়ে।’