জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।

নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এর পেছনে আদর্শিক বিরোধ, ভোটের প্রতিযোগিতা, ক্ষমতার হিসাব ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—সবই কাজ করছে। বিশেষ করে জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি বিএনপির জন্য কতটা উদ্বেগের কারণ হয়ে উঠছে, সেটিও আলোচনায় রয়েছে।

আ.লীগের অনুপস্থিতিতে নতুন প্রতিদ্বন্দ্বিতা

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। অন্যদিকে জামায়াত সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। এতে দুই দলের সম্পর্কের সমীকরণও পাল্টে যায়। আগে বিএনপির সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে থেকে জামায়াত যে রাজনৈতিক সুবিধা পেত, এখন তাকে নিজস্ব শক্তি ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিরোধী দলের ভূমিকা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত ভবিষ্যতে বিএনপির ভোটব্যাংকে কতটা ভাগ বসাতে পারে, সেটি বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ। দলটির শীর্ষ ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বক্তব্যেও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ প্রভাবকে গুরুত্ব দেওয়ার প্রবণতা স্পষ্ট। তবে জামায়াতের শক্তি বাড়লেই বিএনপির ভোট কমবে, এমন নয়। দুই দলের ভোটের সামাজিক ভিত্তি, সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক অগ্রাধিকার এক নয়। অবশ্য যেসব এলাকায় দুই দলের সমর্থক ও ভোটারের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, সেখানে এক দলের উত্থান অন্য দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে।