১৫ অক্টোবর ২০২৬। ভোর চারটা। আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। রাস্তা ফাঁকা। সময় বেশি লাগল না। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে।

হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ। কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। কারও কারও পায়ের কাছে জ্বলছে কয়েল। মশা তাড়াতে ও গরমে কেউ কেউ বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন।

মাদুর বিছিয়ে মেঝেতে শুইয়ে রাখাদের একজন ইসমত আরা বেগম। বয়স ষাটের বেশি। রোগা শরীর, কিন্তু পা ফোলা। ইসমত আরা একটু পরপর অস্পষ্ট, কিন্তু তীব্রভাবে ব্যথায় চিৎকার করে উঠছেন। অসহায় স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না।

পাশেই পাওয়া গেল ইসমত আরার বোনের ছেলে ফারুক হাওলাদারকে। তিনি জানালেন, তাঁরা বিক্রমপুর (মুন্সিগঞ্জ) থেকে এসেছেন। ইসমত আরা জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। ঢাকায় এসে প্রথমে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিন দিন আগে পাঠানো হয় ক্যানসার ইনস্টিটিউটে। তিন দিন ধরে নানা পরীক্ষা করাতে বলছেন চিকিৎসকেরা। পরীক্ষার সিরিয়াল পেতে রোগীর স্বজনেরা লাইন দেন আগের দিন মধ্যরাতে।

ফারুক আরও বললেন, ইসমত আরাকে ভর্তি করাতে পারেননি। পরীক্ষার ফল দেখে ভর্তি করানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি রাতে ইসমত আরাকে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকেন। সকাল হলে হাসপাতালের আনসাররা বাঁশি ফুঁ দিতে থাকেন। তখন এ জায়গা ছেড়ে দিতে হয়। তারপর ধরাধরি করে ইসমত আরাকে প্রশাসনিক ভবনের ভেতরে নিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়।

রেডিওথেরাপি এখনই প্রয়োজন, অথচ তারিখ পেয়েছি ২০২৭ সালের মে মাসে। ক্যানসার রোগীর চিকিৎসার জন্য এত দিন অপেক্ষা করব কীভাবে?

টিপু সুলতান, স্তন ক্যানসারের রোগীর স্বামী

বোতল দিয়ে সিরিয়াল। গত ১৫ অক্টোবর ভোর সাড়ে ৪টায়। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে
বোতল দিয়ে সিরিয়াল। গত ১৫ অক্টোবর ভোর সাড়ে ৪টায়। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালেছবি: মানসুরা হোসাইন

অসহায়ত্ব ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে ফারুক বলেন, ‘রোগীরে যদি এমনে রাখি তাইলে বাঁচব কেমনে? গরিব মানুষ বইল্যাই তো এই সরকারি হাসপাতালে আসছি।’

স্ত্রী মাজেদা খাতুনের স্তন ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির সিরিয়াল পাওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা টিপু সুলতান। তিনি সিরিয়াল পেয়েছেন আগামী বছরের মে মাসে। গত বছরের ২২ অক্টোবর ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘রেডিওথেরাপি এখনই প্রয়োজন, অথচ তারিখ পেয়েছি ২০২৭ সালের মে মাসে। ক্যানসার রোগীর চিকিৎসার জন্য এত দিন অপেক্ষা করব কীভাবে?’

আমরা যোগাযোগ করি টিপু সুলতানের সঙ্গে। তিনি বলেন, গত বছর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। প্রথমে কেমোথেরাপি দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ক্যানসার ইনস্টিটিউটে স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে। এখনো অপেক্ষা করছেন রেডিওথেরাপির সিরিয়ালের জন্য।

১০ নভেম্বর আবার যোগাযোগ করা হলে টিপু সুলতান প্রথম আলোকে বলেন, রেডিওথেরাপির সিরিয়াল পাওয়া নিয়ে তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তা ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের নজরে পড়েছিল। পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। অবশেষে ১০ নভেম্বর রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা শুরুর আগের প্রস্তুতিমূলক পর্যায় নির্ণয়ে সিটি সিমুলেশন পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এখন আশা করা যায়, রেডিওথেরাপির জন্য হয়তো ২০২৭ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসার রোগী ও সন্দেহভাজন ক্যানসার রোগীদের এই হাসপাতালে পাঠানো (রেফার করা) হয়। অন্যদিকে দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল। হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে।

চিকিৎসা পাওয়া সবার অধিকার। কিন্তু জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসকদের বাছাই করতে হচ্ছে যে কোন রোগীর বাঁচার সম্ভাবনা বেশি। তাঁরা তা স্বীকারও করেন। বিষয়টি নিয়ে পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজকে জিজ্ঞাসা করা হলে তাঁর কণ্ঠেও অসহায়ত্বের সুর। তিনি বললেন, রোগী সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ।

কিন্তু হাসপাতালটিতে চিকিৎসা পাওয়ার জন্য ভোগান্তির শেষ নেই। রোগীর স্বজনেরা রোগ পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইন দেন। গত এক যুগে হাসপাতালটির শয্যা বেড়েছে, জনবল বাড়েনি। চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল। ওদিকে সারা দেশ থেকে ক্যানসার রোগীরা আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য ভোগান্তিহীন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না।

সেদিন (১৫ অক্টোবর) ক্যানসার ইনস্টিটিউটে রোগীদের কষ্ট, স্বজনদের অসহায়ত্ব দেখে দুপুর ১২টার কিছু আগে আমরা গেলাম হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ সুমনের কক্ষে। তিনি প্রথম আলোকে বললেন, এখন যে রোগীর রেডিও থেরাপি দরকার, তাঁকে ২০২৭–২০২৮ সালে সিরিয়াল দেওয়া না দেওয়া একই কথা। সে জন্য ছয় সপ্তাহ পরপর রোগীর স্বজনদের যোগাযোগ করতে বলা হয়েছে, যদি সিরিয়াল পাওয়া যায়। তিনি বলেন, চাপ সামলাতে এখন তিন পালায় রাত পর্যন্ত রেডিওথেরাপি দেওয়া হয়। তারপরও রোগীর চাপ কমছে না।

চিকিৎসা পাওয়া সবার অধিকার। কিন্তু জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসকদের বাছাই করতে হচ্ছে যে কোন রোগীর বাঁচার সম্ভাবনা বেশি। তাঁরা তা স্বীকারও করেন। বিষয়টি নিয়ে পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজকে জিজ্ঞাসা করা হলে তাঁর কণ্ঠেও অসহায়ত্বের সুর। তিনি বললেন, রোগী সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ।

ক্যানসারবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের সর্বশেষ (২০২৪ সাল) হিসাবে দেশে প্রতিবছর ১ লাখ ৮৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। প্রতিবছর ক্যানসারে মারা যায় ১ লাখ ৩৮ হাজার জন। আর ক্যানসারে ভুগছে (সর্বশেষ পাঁচ বছরের রোগী) ৩ লাখ ৫৮ হাজার মানুষ। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ২১ জনের ক্যানসার শনাক্ত হয়। অন্যদিকে মৃত্যু হয় ১৬ জনের।