রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির এই চেষ্টা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।

কঠোর নির্দেশনা, গণগ্রেপ্তার নয়

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

তবে নির্বিচার গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আইজিপি। একাধিক জেলার পুলিশ সুপার প্রথম আলোকে জানান, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর ওপর জোর দিয়েছেন তিনি। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেছেন।

চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে

চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকেছবি: ভিডিও থেকে

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার তিনজন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; তাঁরা টাকার বিনিময়ে কাজটি করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার অন্যদের অনেকের দলীয় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে সূত্রটির দাবি।

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব পোস্টে ঘটনার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। একে নাশকতার দায় কার্যত স্বীকার করার শামিল বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোপালগঞ্জে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসবের পর চার জেলায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে

টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কেছবি: প্রথম আলো

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুন মুনিরা প্রথম আলোকে বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।