শিবগঞ্জের কানসাট আম বাজারে বারো মাসই মিলছে আম, বাড়ছে কাটিমনের চাষ
মো. আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ কাঙ্ক্ষিত দামে আম বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। পাশাপাশি সার সংকট ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার অভিযোগও করেন এ চাষি।
অন্যদিকে নাচোল থেকে আম কিনে বিক্রি করতে আসা ব্যবসায়ী মো. আব্দুল হামিদ (৩৩) জানান, তিনি এক লাখ ৫০ হাজার টাকায় আম কিনেছেন। কিন্তু আমের আকার ছোট হওয়ায় ভালো দাম পাচ্ছেন না। ক্রেতারা প্রতি মণ ১০ থেকে ১১ হাজার টাকা দাম বলছেন। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
গোমস্তাপুর থেকে আসা আমচাষি ও ব্যবসায়ী আকবর আলী জানান এর আগেও কানসাট আম বাজারে আম বিক্রি করে ভালো দাম পেয়েছেন। তবে এবার শেষ দফার আম নিয়ে এসে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ১৬ বিঘা জমি বাৎসরিক বর্গা নিয়ে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে কাটিমন ও কল্যাণভোগ আমের চাষ করেছেন। তার পরিবার প্রায় ৪০ বছর ধরে আম চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত।
ভবানীপুর গ্রামের আব্দুল করিম জানান, তার বাগানে বছরে তিনবার কাটিমন আম উৎপাদন হচ্ছে। তবে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ঠিকমতো না পাওয়ায় কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
শিবগঞ্জ বাজারের আম ব্যবসায়ী টিটো জানান চলতি বছর তিনি ৩৫ বিঘা জমিতে কাটিমন আমের চাষ করেছেন। ভালো ফলনের পাশাপাশি লাভজনক উৎপাদনের আশা করছেন তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান বর্তমানে শিবগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে প্রায় আট হাজার আমচাষি কাটিমন আমের চাষ করছেন। পর্যায়ক্রমে এ চাষ আরও সম্প্রসারিত হচ্ছে। বাণিজ্যিকভাবেও কাটিমন আমের উৎপাদন বাড়ছে।
তিনি জানান বর্তমানে কানসাট আম বাজারে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ মণ কাটিমন আম কেনাবেচা হচ্ছে। প্রতি মণ আমের দাম ৮ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত। এখন থেকে বছরের প্রায় ১২ মাসই কানসাট আম বাজারে কমবেশি আম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষি কর্মকর্তা আরও জানান প্রতিটি ইউনিয়নে আমবাগানের মালিকদের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বাগান পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
বারোমাসি কাটিমন আমের চাষ সম্প্রসারণের ফলে কানসাট আম বাজারের বাণিজ্যিক কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উৎপাদন খরচ, সার সংকট, আবহাওয়ার বিরূপ প্রভাব এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ অঞ্চলের আমচাষিরা আরও বেশি লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।