তাঁতের খটখট শব্দ হারিয়ে যাচ্ছে কেশুরবাড়িতে, জীবিকার তাগিদে পেশা বদলাচ্ছেন তাঁতিরা
ঠাকুরগাঁও প্রতিনিধি: একসময় তাঁতের খটখট শব্দে মুখর থাকত ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রাম। গ্রামের অধিকাংশ পরিবারের জীবিকা নির্ভর করত তাঁতশিল্পের ওপর। এখানকার তৈরি ঝুটের উলের কম্বল দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হতো। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পুঁজির সংকট এবং বাজারে চাহিদা কমে যাওয়ায় ধুঁকছে ঐতিহ্যবাহী এই শিল্প। জীবিকার প্রয়োজনে অনেক তাঁতি ছেড়ে দিয়েছেন বাপ-দাদার পেশা।
ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে কিসমত কেশুরবাড়ি গ্রামের অবস্থান। কয়েক দশক আগেও গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তাঁতযন্ত্র ছিল। দিনভর চলত কম্বল তৈরির কাজ। বর্তমানে সেই ব্যস্ততা অনেকটাই কমে গেছে। তাঁতযন্ত্রের জায়গা দখল করেছে কৃষিকাজ, দিনমজুরি ও অন্যান্য পেশা।
গ্রামের তাঁতি রঘুনাথ দেবনাথের জীবনেও এসেছে এমন পরিবর্তন। বাড়ির বারান্দায় পড়ে রয়েছে তাঁর পুরোনো তাঁতযন্ত্র। একসময় কম্বল বুনেই সংসার চালাতেন তিনি। এখন পরিবারের খরচ মেটাতে অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে তাঁকে।
রঘুনাথের ভাষ্য, একসময় কেশুরবাড়ির কম্বলের বেশ সুনাম ছিল। নব্বইয়ের দশকে বগুড়ার শাওল বাজার থেকে ঝুটের উল সংগ্রহ করে গ্রামটির তাঁতিরা কম্বল তৈরি শুরু করেন। ধীরে ধীরে শাড়ি, গামছা ও চাদর তৈরির পরিবর্তে কম্বল উৎপাদনই প্রধান কাজ হয়ে ওঠে। একপর্যায়ে প্রায় ৫০০ পরিবারের জীবিকার প্রধান অবলম্বন ছিল এই তাঁতশিল্প।
তখন গ্রাম থেকে ট্রাকভর্তি কম্বল দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। উৎপাদন ও বিক্রি ভালো থাকায় তাঁতিদের সংসারেও ছিল স্বচ্ছলতা। গণমাধ্যমে কেশুরবাড়ির কম্বল তৈরির খবর প্রকাশিত হওয়ায় গ্রামটির পরিচিতিও ছড়িয়ে পড়ে।
তবে সেই সুদিন এখন অতীত। রঘুনাথ জানান, গত শীত মৌসুমে টানা তিন মাস কম্বল তৈরি করে বিক্রির পর তাঁর হাতে লাভ এসেছে মাত্র ২০ হাজার টাকা। পরিবারের আরও দুজন সদস্য এ কাজে সহযোগিতা করেছেন। এত মানুষের শ্রম ও সময়ের তুলনায় এই আয় দিয়ে সংসার চালানো কঠিন। এ কারণে তিনি তাঁতের কাজ কমিয়ে অন্যের জমিতে শ্রমিকের কাজ করছেন।
তাঁতিদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামে প্রায় ৩০ থেকে ৪০টি পরিবারে তাঁত সচল রয়েছে। নিয়মিত তাঁত চালান মাত্র পাঁচ-ছয়টি পরিবার। অন্যরা কৃষিশ্রমিক, ইটভাটার শ্রমিক কিংবা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছেন।
গ্রামের প্রবীণ তাঁতি ভবেশ দেবনাথ এখনো পুরোনো পেশা আঁকড়ে ধরে আছেন। প্রায় ৬০ বছর ধরে তাঁত বুনছেন তিনি। কিন্তু আগের মতো আয় না থাকায় হতাশ এই কারিগর। তাঁর মতে, উলের দাম বেড়ে যাওয়ায় কম্বল তৈরির খরচ অনেক বেড়েছে। অথচ বিক্রির সময় সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না।
একই সমস্যার কথা জানিয়েছেন তাঁতি সপিন দেবনাথ। তাঁর মতে, উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কম্বল কেনার ক্রেতাও কমেছে। ফলে পণ্য বিক্রি করে আগের মতো লাভ করা সম্ভব হচ্ছে না।
ভবেশ দেবনাথের প্রত্যাশা, শীত মৌসুমে সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে কম্বল বিতরণ করে, সেগুলো কেনার ক্ষেত্রে স্থানীয় তাঁতিদের তৈরি কম্বলকে গুরুত্ব দেওয়া হোক। এতে তাঁতিরা কাজের নিশ্চয়তা পাবেন এবং গ্রামটির ঐতিহ্যও রক্ষা পাবে।
এখনো কয়েকটি পরিবার পুরোনো পেশা ধরে রেখেছে। এমনই একটি পরিবার বলাই চন্দ্রনাথের। তাঁর বাড়িতে স্ত্রী ফুলরানী সুতা গোছানোর কাজ করেন। ছেলের বউ দীপ্তি রানী চরকা ঘোরান। আর তাঁতযন্ত্রে কম্বল বোনেন বলাই চন্দ্র।
বলাই চন্দ্র জানান, তাঁরা এখনো বগুড়ার শাওল বাজার থেকে কম্বল তৈরির সুতা কিনে আনেন। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সুতার দাম কয়েক গুণ বেড়েছে। আগে প্রতি মণ সুতা কিনতে খরচ হতো প্রায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। বর্তমানে একই পরিমাণ সুতা কিনতে ব্যয় হচ্ছে প্রায় ৪ হাজার টাকা। অথচ কম্বলের বিক্রয়মূল্য সেই হারে বাড়েনি।
এ ছাড়া পর্যাপ্ত পুঁজি না থাকায় তাঁতিরা একসঙ্গে বেশি পরিমাণে কাঁচামাল কিনতে পারছেন না। ফলে সারা বছর উৎপাদন চালু রাখাও কঠিন হয়ে পড়েছে।
ফুলরানী দেবনাথ বলেন, ছোটবেলা থেকেই তাঁতের কাজ করছেন তিনি। অন্য কোনো কাজের অভিজ্ঞতা না থাকায় নানা প্রতিকূলতার মধ্যেও এই পেশা ছাড়তে পারছেন না।
তবে অনেকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেশা পরিবর্তন করেছেন। পঞ্চ দেবনাথ তিন বছর আগে তাঁত বন্ধ করে একটি পাটকলে কাজ শুরু করেছেন। যগেন্দ্র দেবনাথ এখন দিনমজুর। শ্যামল দেবনাথ ইজিবাইক চালান। আর উত্তম দেবনাথ যুক্ত হয়েছেন ব্যবসায়।
তাঁতি মিঠুন দেবনাথের অভিযোগ, তাঁত বোর্ড থেকে আগে তাঁতিরা ঋণ পেলেও পুরোনো ঋণ পরিশোধের পর নতুন করে অর্থায়নের সুযোগ পাচ্ছেন না। ফলে ব্যবসার পুঁজি সংগ্রহ করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে তাঁত বন্ধ করছেন।
কেশুরবাড়ির তাঁতশিল্পের সংকট নিয়ে স্থানীয় তাঁতিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের মতে, শুধু কাঁচামালের মূল্যবৃদ্ধিই নয়, পুঁজির অভাব, বিক্রির বাজার সংকুচিত হওয়া এবং সরকারি ক্রয়ব্যবস্থায় স্থানীয় উৎপাদকদের অংশগ্রহণের সুযোগ না থাকাও এই শিল্পের পিছিয়ে পড়ার বড় কারণ।
কেশুরবাড়ি তাঁতি সমিতির সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ মনে করেন, সরকারি উদ্যোগে স্থানীয় তাঁতিদের কাছ থেকে কম্বল কেনা হলে শিল্পটি আবার ঘুরে দাঁড়াতে পারে। তাঁর দাবি, সরকার প্রতিবছর গ্রামটি থেকে অন্তত দুই লাখ কম্বল কিনলে তাঁতিরা নিয়মিত কাজের সুযোগ পাবেন। এতে নতুন করে তাঁত চালুর আগ্রহও তৈরি হবে।
স্থানীয় শিক্ষক প্রদীপ দেবনাথ বলেন, বর্তমানে যাঁরা তাঁতশিল্পে টিকে আছেন, তাঁদের অনেকেরই অন্য পেশায় যাওয়ার সামর্থ্য নেই। সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা না বাড়লে একসময় কেশুরবাড়ির ঐতিহ্যবাহী তাঁতশিল্প পুরোপুরি হারিয়ে যেতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন দিনাজপুরের চিরিরবন্দর বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা মখলেসুর রহমান জানান, একটি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের কেশুরবাড়ির ১৬৮ জন তাঁতিকে ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল। ওই ঋণের প্রায় ৬৫ শতাংশ পরিশোধ হয়েছে। প্রকল্পটির মেয়াদ গত জুনে শেষ হয়েছে। বর্তমানে ঘূর্ণমান তহবিল না থাকায় নতুন করে ঋণ বিতরণ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, সম্প্রতি তাঁত বোর্ডের চেয়ারম্যান কেশুরবাড়ি পরিদর্শন করে তাঁতিদের সঙ্গে কথা বলেছেন। তাঁতিরা যাতে আবার ঋণ সুবিধা পান, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য সরকার যে কম্বল সরবরাহ করে, সেগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। তবে স্থানীয়ভাবে কম্বল কেনার সুযোগ তৈরি হলে কেশুরবাড়ির তাঁতিদের হাতে তৈরি কম্বল অগ্রাধিকার পাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
একসময় যে গ্রামের পরিচয় ছিল তাঁতের শব্দ আর কম্বল তৈরির ব্যস্ততা, সেখানে এখন নীরবে পড়ে আছে অসংখ্য তাঁতযন্ত্র। যথাযথ পুঁজি, বাজার ও সরকারি সহযোগিতা না মিললে কেশুরবাড়ির এই ঐতিহ্যবাহী শিল্প হয়তো একদিন শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে থাকবে।