জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এ স্বর্ণপদক পেলেন জয়পুরহাটের বিউটি বেগম
মো. আবদুস সালাম তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ
‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’-এ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক খামারি মোছাঃ বিউটি বেগম। প্রাণিসম্পদ উন্নয়নে প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান ক্যাটাগরিতে তিনি এ জাতীয় সম্মাননা লাভ করেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী খামারির হাতে এ স্বর্ণপদক তুলে দেন।
মোছাঃ বিউটি বেগম জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বজরবরাহী হিন্দা-কসবা গ্রামের বাসিন্দা। নিজ উদ্যোগে পাঁঠা পালনের মাধ্যমে তিনি নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন এবং এলাকার প্রান্তিক খামারিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিউটি বেগম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ পাঁঠাপালনকারীর নাম ও কাজের স্বীকৃতি প্রধানমন্ত্রী জানেন—এ বিষয়টি তাঁকে গভীরভাবে আপ্লুত করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিউটি বেগমের এই অসামান্য সাফল্যে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বিউটি বেগমের এই স্বর্ণপদক অর্জন জয়পুরহাট জেলা, জেলা প্রাণিসম্পদ বিভাগ এবং ক্ষেতলালের হিন্দা-কসবা গ্রামকে সারাদেশের মধ্যে এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই সাফল্য স্থানীয় অন্যান্য নারী ও প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।